← Back to Publications Hub
ওয়েবসাইট8/20/2020, 8:47:16 AM

গুগলের ইমেইলসহ বিভিন্ন সেবায় বিভ্রাট

PE
Article Written ByPearl IT
গুগলের ইমেইলসহ বিভিন্ন সেবায় বিভ্রাট

"নিউজ ডেস্ক: সারা বিশ্বে বিভ্রাটে পড়েছে গুগলের ইমেইলসহ বিভিন্ন সেবা ব্যবহারকারীরা। অনেকেই মেইল পাঠাতে পারছেন না এবং মেইলের সঙ্গে ফাইল যুক্ত করতে পারছেন না। এছাড়া..."

নিউজ ডেস্ক:
সারা বিশ্বে বিভ্রাটে পড়েছে গুগলের ইমেইলসহ বিভিন্ন সেবা ব্যবহারকারীরা। অনেকেই মেইল পাঠাতে পারছেন না এবং মেইলের সঙ্গে ফাইল যুক্ত করতে পারছেন না। এছাড়াও অন্য মেইল সেবা থেকে মেইল করা হলে তা জিমেইলে ঠিকমত পৌঁছাচ্ছেও না । আবার কেউ কেউ জিমেইলে ঢুকতেও পারছেননা বলে অভিযোগ।

জিমেইলের সমস্যা নিয়ে অসংখ্য ব্যবহারকারী টুইট করে এসব অভিযোগ জানিয়েছেন।

এনগ্যাজেট এক প্রতিবেদন বলছে, কেবল জিমেইল নয়, জি স্যুটের সবগুলো সেবাতেই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

গুগল ড্রাইভও বিভ্রাটের কবলে পড়েছে বলে জানাচ্ছে ইয়াহু ফাইন্যান্সের এক প্রতিবেদন। কেউ কেউ তাদের ড্রাইভে ফাইল আপলোড করতে পারলেও শেয়ার করতে পারছিলেন না।

জনপ্রিয় ট্র্যাকার সেবা ডাউন ডিটেকটরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে (বাংলাদেশের স্থানীয় সময় সোয়া ১০টা) ব্যবহারকারীরা জিমেইলে বিভ্রাট নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন।

‘গুগল অ্যাপস স্ট্যাটাস পেইজে’ বিভ্রাটের বিষয়টি স্বীকার করে গুগল জানিয়েছে “আমরা জিমেইলের সঙ্গে জড়িত এক সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরও তথ্য জানাব।”

জি নিউজ লিখেছে, জিমেইলে এ ধরনের বিভ্রাট এবারই প্রথম নয়। এ বছরের জুলাই মাসেও ভারতের গুগল ব্যবহারকারীরা বিপাকে পড়েছিলেন, কয়েক ঘণ্টার জন্য ঠিকঠাক কাজ করেনি জিমেইল সেবা।

ডাউন ডিটেকটরের তথ্য অনুযায়ী, সমস্যার সূত্রপাত গুগল সার্ভারের বিভ্রাট থেকে। প্রায় ৬২ শতাংশ অভিযোগকারীই বলেছেন, তারা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না।

করোনাভাইরাস মহামারীর এই সময়ে পুরো বিশ্বে অনেক মানুষকে বাসা থেকে কাজ করতে হচ্ছে। ফলে জিমেইলের এই বিভ্রাট তাদের ভোগাচ্ছেও বেশি।

Share This Article